শুভেন্দু বিশ্বাসঘাতক ওকে পূর্ব মেদিনীপুরের মানুষ ক্ষমা করবে না, মামুদ হোসেন
দি নিউজ লায়নঃ মমতা শুভেন্দুকে নেতা বানিয়েছেন। আর এখন তিনি বিশ্বাসঘাতকতা করে বিজেপিতে নাম লিখিয়েছেন স্বার্থপর শুভেন্দুকে পূর্ব মেদিনীপুরের মানুষ ক্ষমা করবে না। খেজুরি তে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা মামুদ হোসেন।
দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সূচী চূড়ান্ত করতে সোমবার খেজুরিতে বৈঠক করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পূর্ব মেদিনীপুরের খেজুরী-১ ও খেজুরী-২ ব্লকে র ১১টি অঞ্চলের তৃণমূলের আঞ্চলিক নেতৃত্ব,প্রধান,উপপ্রধান, ব্লক নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহঃ সভাপতি, কর্মাধ্যক্ষ সহ সর্বস্তরের নেতৃত্ব দের নিয়ে আগামী জানুয়ারী মাস জুড়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীর রূপরেখা তৈরির গুরুত্বপূর্ণ সমন্বয় কমিটির সভা আজ বাঁশগোড়া বাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত হয়।
এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন খেজুরী-১ ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য বিমান নায়ক। সভায় বক্তব্য রাখেন জেলা কোর কমিটির সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম দাস, তৃণমূল নেতা তরুণ জানা, বিকাশ বেজ,খেজুরী-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ দাস,কর্মাধ্যক্ষ সত্য রঞ্জন বেরা, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী মাইতি,রামকৃষ্ণ দাস,সমর মণ্ডল, নির্মল পাত্র,নৌসেদ আলি প্রমুখ নেতৃবৃন্দ। তৃণমূল জেলা নেতৃত্ব মামুদ হোসেন জানান, আগামী ১ জানুয়ারী সমস্ত বুথে দলীয় পতাকা উত্তোলন সহ সমস্ত অঞ্চলে মিছিল সংঘটিত করা হবে।
আগামী ৭ জানুয়ারী তেখালী বাজারে জনসভায় রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ একাধিক রাজ্য নেতা ও মন্ত্রী সভায় উপস্থিত থাকবেন।জননেত্রী আগামী ১৫ জানুয়ারীর পর পূর্ব মেদিনীপুর জেলার সফরসূচী চূড়ান্ত করবেন। মমতার জেলা সফরের আগে জেলা সভাপতি সহ সাংগঠনিক ও সরকার মনোনীত বিভিন্ন প্রশাসকমন্ডলী ও কর্মকর্তাদের ব্যাপক রদবদল হবে বলে জানান মামুদ হোসেন। জেলা নেতা মামুদ হোসেন জানান শুভেন্দু অধিকারী মমতার ক্ষমতায় বলীয়ান হয়ে হৃষ্টপুষ্ট ও বলিষ্ঠ হয়ে বিজেপির বিভেদকামী ও জনবিরোধী নীতির প্রতি দায়বদ্ধ হয়ে উচ্চাকাঙ্খা পূরণের জন্য বিশ্বাসঘাতকতার পথ বেছে নিয়েছেন। সর্বস্তরের জনগণকে জোটবদ্ধ হয়ে বিজেপির বিভেদের রাজনীতির নতুন প্রবক্তা শুভেন্দু অধিকারী সহ তাঁর দলের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান মামুদ হোসেন।

Post a Comment